ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদ ও গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে দুটি যানবাহন থেকে ১৬২ বোতল বিদেশি মদ ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার (৩৭) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে কাজ করে যাচ্ছিল থানা পুলিশ। এসময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতরে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও ভটকা মদ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মাদক পাচারকারীকে।
এর কিছুক্ষণ পর একটি মাইক্রো তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা উদ্ধারের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মাদকগুলো উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights