হবিগঞ্জে ট্রাক্টর চাপায় শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই-কটিয়াদি সড়কের হাতির থানে ইট বোঝাই ট্রাক্টর চাপায় রেদুওয়ান মিয়া (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আব্দাবকাই গ্রামের মাওলানা আব্দুল আহাদ মিয়ার ছেলে। রেদুওয়ান স্থানীয় নূরে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কটিয়াদি বাজার থেকে রেদুওয়ান বাইসাইকেল চালিয়ে আব্দাবকাইয়ে বাড়িতে ফিরছিল। এসময় সে হাতির থান নামকস্থানে পৌছা মাত্র বৈদ্যোর বাজার থেকে আসা সুলতানশীগামী একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যৃ হয়। তার মরদেহ দেখতে উৎসুক জনতা ভীড় করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে নিহত শিশু রেদুওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। হাতির থান এলাকায় একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights