ভারতের তিন স্পিনার থাকলেও ভয় নেই, প্যাট কামিন্সের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে স্বাগতিক ভারতের। আজ রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার দল। অনেকে মনে করছেন বাইশ গজে তিন স্পিনারকে নামিয়ে দিলেই ভারতের জয় সম্ভব। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও তিন সেরা স্পিনারকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন।

তবে এসব কিছুকে পাত্তা দিচ্ছেন না প্যাট কামিন্স। বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার এমন আত্মবিশ্বাসী মন্তব্যের নেপথ্যে রয়েছে আইপিএল।

কামিন্স বলেন, গত কয়েক বছর ভারতের মাটিতে অনেক ম্যাচ খেলেছি। শুধু অস্ট্রেলিয়ার জন্য নয়, আইপিএল-এও আমাদের দলের একাধিক ক্রিকেটার খেলেছে। গত ১০ বছরে দেশের মাটিতে আমি যত সাদা বলের ক্রিকেট খেলেছি, এর চেয়ে অনেক বেশি ক্রিকেট ভারতে খেলেছি। শুধু আমি নই আমার দলের বাকিদের ক্ষেত্রেও সেই এক ব্যাপার খেটে যায়। এমনকি দলগতভাবেই ভারতের মাটিতে এসে আমরা একদিনের ক্রিকেটে সাফল্য পেয়েছি। আর তাই ভারতের তিন স্পিনারকে ভয় পাচ্ছি না।
তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। পাশাপাশি পেস বিভাগও শক্তিশালী ভারতের। মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ। এর সঙ্গে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে এসবে চিন্তিত নন কামিন্স।

তিনি বলেন, আমরা জানি ভারতের বোলিং বিশ্ব সেরা। আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে সেটা ভেবে বসে থাকলে তো চলবে না। আমাদের কিছু পরিকল্পনা আছে। সেই অনুসারে খেললে জয় সম্ভব।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার কি প্যাট কামিন্সের দল ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে পারবেন? নাকি প্রথম ম্যাচেই বাজিমাত করবে ভারত? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights