অপহৃত দুই যুবক শিকল বন্দী অবস্থায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ ঘণ্টার অভিযানে অপহৃত দুই যুবককে শিকল বন্দী অবস্থায় উদ্ধার করেছে কক্সবাজারের টেকনাফ পুলিশ। তাদেরকে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়ার জাগির আহমদের বসত ঘর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মালভিটা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিসের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৫) ও শিকদার বিল ৫ নম্বর ওয়ার্ড মঞ্জুর আলমের পুত্র নুরুল আমিন (২৫)।
এ ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি হলেন টেকনাফ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার বশির আহমদের ছেলে ওমর ফারুক (২২)।
১১ ডিসেম্বর রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফ মডেল থানার বিশেষ টিম ৮ ঘণ্টা অভিযান পরিচালানা করে। ১ নম্বর ওয়ার্ড রাজারছড়ার আসামি জাগির আহমদের বসত ঘর থেকে শিকল বন্দী অবস্থায় ভিকটিমদেরকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় মাদক বেচা-কেনার লেনদেন এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদ্বয়কে অপহরণকারীরা অপহরণ করে। আসামিকে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
