আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আইপিএলের আসন্ন আসরে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নিবন্ধন করায় বিষয়টি আরও আলোচনায় আসে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন এই পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির লেখেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকেও তিনি জানিয়েছেন, আইপিএলের নিলামে নিজের নাম নিবন্ধন করবেন না।

গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন আমির। এরপর বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে তাঁর খেলার সুযোগ তৈরি হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে অংশ নিয়েছিলেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে শোয়েব আখতার ও সোহেল তানভীর উল্লেখযোগ্য। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে এরপর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয় আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি।

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights