ইংল্যান্ডের দল ঘোষণা, নতুন মুখ বেথেল

অনলাইন ডেস্ক

প্রথম শ্রেণির ক্যারিয়ার খুব একটা দীর্ঘ নয় জ্যাকব বেথেলের। খেলেছেন কেবল ২০টি ম্যাচ। তাতেই ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়ে গেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তাকে রেখে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে ইংলিশরা।

তিন টেস্টের সিরিজের জন্য মঙ্গলবার ১৬ জনের দল দিয়েছে ইংল্যান্ড। কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথের জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাকা হয়েছে বেথেলকে। নিউ জিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন স্মিথ। সবশেষ পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে হেরে যাওয়া দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে ইংল্যান্ড।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ২১ বছর বয়সী বেথেল। কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়ান তিনি। ২৪ বলে ৪৪ রানের ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেলেন ওয়ারউইকশায়ারের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডেতেই সুযোগ দেওয়া হয় তাকে। কিন্তু তেমন কিছু করতে পারেননি। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও তেমন অভিজ্ঞ নন বেথেল। ৩০ ইনিংসে ২৫.৪৪ গড়ে রান ৭৩৮, ফিফটি পাঁচটি, সেঞ্চুরি পাননি এখনও। বাঁহাতি স্পিনে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। ওয়ানডেতে এরই মধ্যে ধরেছেন ৪ শিকার। ২১ লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ১৯টি। টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণিতে ৭টি করে উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তান সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি জর্ডান কক্স। নিউ জিল্যান্ডে তার টেস্ট অভিষেক হয়ে যাওয়ার রয়েছে প্রবল সম্ভাবনা। স্মিথের অনুপস্থিতিতে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন ২৪ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৫৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা কক্স ৩৯.৯২ গড়ে রান করেছেন ৩ হাজার ১৯৪। নামের পাশে ৮ সেঞ্চুরির সঙ্গে আছে ১২টি ফিফটি।

ক্রাইস্টচার্চে আগামী ২৮ নভেম্বর শুরু দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে ওয়েলিংটন, শুরু ৬ ডিসেম্বর। হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্টটি শুরু ১৪ ডিসেম্বর।

ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, ক্রিস ওকস, অলি স্টোন, জো রুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights