ইউটিউবার ধ্রুব রাঠি দিল্লি পুলিশের হাতে আটক

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের বাসা থেকে আটক করেছে পুলিশ।

শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাসা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল গুরুগ্রামে ধ্রুব রাঠির বাসায় যায় এবং তাকে আটক করে। ধ্রুব রাঠিকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। দলটি তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লি যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ককোরোচ জনতা পার্টি (সিজিপি) ধ্রুব রাঠির আটকের বিষয়টি নিশ্চিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও কণ্ঠ রোধ করতেই সরকার এই ধরনের দমনপীড়ন চালাচ্ছে এবং তারা রাঠিসহ আটক সকল নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজিপি-র নির্ধারিত বিক্ষোভে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। গুরগাঁও পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠির বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights