‘একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়’
শোবিজ ডেস্ক
একটি অনলাইন পেজ থেকে শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে দায়ের করা মামলার বিষয়ে অভিনেত্রী তানজিন তিশা বলেছেন,‘মামলায় অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে। আমি শাড়ি আত্মসাৎ বা এটা নিয়ে প্রতারণা, এমন কিছুই করিনি।’
তিনি বলেন,‘২৮ হাজার টাকার একটা শাড়ি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের ক্যারিয়ার। একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়।’ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা ওই মামলায় শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুরের আদেশ দেন।
তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।
মামলার নথি সূত্রে জানা গেছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে হাজির হন তিনি।
তানজিন তিশা বলেন, ‘অনেকের মনে হতে পারে আমি আবারো আদালতে আসলাম কেন? কারণ হলো, আমি আইনের প্রতি বিশ্বাস করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সে বিশ্বাস থেকে আমি আবারো আসছি এবং আমার যদি আরো পাঁচবার আসা লাগে, আমি আবারও আসব। দিনশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এদেশে বাঁচতে চাই এবং সত্যতা নিয়ে বাঁচতে চাই। কেউ যদি আইনের অপব্যবহার করে, আমি সেটা কোনভাবে সাপোর্ট করি না।’
তিনি বলেন,‘তারা দুই বোন (মামলার বাদী) এবং এটা আপনারা হয়তো জানেন না তারা একটা সিন্ডিকেট। আমি আসলে এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তাই করতে পারি না। আমি শুধু জানি যে ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আমার কোনো ক্ষমতা নেই।’
