ওয়ানডেতে ১৮২ রানের ইনিংসে নতুন রেকর্ড ম্যাথিউসের

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। ১৫৬ বলে ১৮২ রানের দুর্দান্ত ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পাশাপাশি নিজের নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।

হারারেতে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন ম্যাথিউস। ২৬টি চার ও দুটি ছক্কায় সাজানো তার ইনিংসটি নারী ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েছেন তিনি।

এর আগে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ১৭১ রানের ইনিংস ছিল স্টেফানি টেইলরের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে টেইলরও ছিলেন দলে, তবে ব্যাট হাতে ১০ বলে ২ রান করে আউট হন।

ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে থাকা ম্যাথিউস সবশেষ চার ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন। গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৫৯ ও দ্বিতীয় ম্যাচে ১০০ রান করেন তিনি। এরপর এক ইনিংসে দুই অঙ্কে পৌঁছাতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে ফিরেই খেললেন রেকর্ড গড়া ইনিংস।

এটি ওয়ানডে ক্যারিয়ারে ম্যাথিউসের ১৩তম সেঞ্চুরি। ১০৯ ম্যাচে ১৩টি সেঞ্চুরি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি শতকের রেকর্ড এখন তার দখলে। ১০টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন টেইলর।

নারী ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যায় ম্যাথিউসের ওপরে আছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও ভারতের স্মৃতি মান্ধানা।

ম্যাথিউসের ১৮২ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে। জবাবে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ৯৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights