কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

অনলাইন ডেস্ক

২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আজ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য প্রার্থীরা এই সুযোগ পাবেন। পাশাপাশি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সঙ্গে প্রথম বর্ষের অনুত্তীর্ণ বিষয়ে পরিপূরক পরীক্ষায় অংশ নিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ফরম পূরণের নির্ধারিত সময়ের পর ১০ নভেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার অর্থ জমা দেওয়া যাবে। পরীক্ষার্থীপ্রতি বোর্ড নির্ধারিত ফি ৪০০ টাকা এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য ৮০ টাকা। এর বাইরে কেন্দ্র ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা।

শিক্ষার্থীদের কাছ থেকে তালিকাভুক্ত ফির অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ করেছে বোর্ড। এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে প্রবেশপত্রে ভুল থাকলে পরীক্ষা শুরুর আগেই ৫০০ টাকা জমা দিয়ে সংশোধনের ব্যবস্থা করতে হবে।

বহিষ্কারের নির্ধারিত সময় পার হয়নি এমন পরীক্ষার্থী এবং দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্যরা আবেদনের যোগ্য হবেন না। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights