কালিয়াকৈরে চারটি গরুর মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগাম্বর এলাকায় বাসুদেব চন্দ্র সরকারের দুই দিনে চারটি গরুর মৃত্যু হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা ।
জানা গেছে, উপজেলার বাগাম্বর এলাকায় বৃহস্পতিবার সকালে ৩টি বড় গাভী ও শুক্রবার সকালে ১টি ষাঁড়ের মৃত্যু হয়েছে। এই অবস্থায় এলাকার গরুর মালিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।
মহাদেব চন্দ্র সরকার জানান, প্রতিদিনের মতনই আমার বড় ভাই সকালে গরুকে ঘাস ও কুড়া খাওয়ায়। হঠাৎ দেখে ৯টি গরুর মধ্যে তিনটি গরু ঝিমাচ্ছে। তার প্রায় এক ঘণ্টার মধ্যে তিনটি গরুর মৃত্যু হয়েছে ও শুক্রবার সকালে একটি ষাঁড়ের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন বলেন, মোট চারটি গরুর মৃত্যু হয়েছে। গরুর মূল্য অনেক। তবে কারো শত্রুতার জেরে এমন হয়নি। অতিরিক্ত গরমে গরুর খাদ্য বেশি খাওয়ানোর জন্য এমন অবস্থা হয়েছে অনেকে মনে করেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী মনছুর রহমান জানান, অতিরিক্ত গরমে গরুকে কাঁঠাল ও কুড়া ভূষি, ঘাস খাওয়ানোর ফলে গরুর ফুড পয়জনিং হয়েছে। যার কারণে গরুর মৃত্যু হয়েছে।
