কুড়িগ্রামে পথকুকুর ও বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮.০৭.২০২৬
কুড়িগ্রাম শহরের বেওয়ারিশ পথকুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের বিজয়স্তম্ভ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন ও ভ্রাম্যমাণভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম এনিমেল রেসকিউ টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় শহরের কলেজ মোড়, তালতলা, ভোকেশনাল মোড়, হাঁটিরপাড়, হাসপাতালপাড়াসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম এনিমেল রেসকিউ টিমের সদস্য সুরজিৎ ধর ও আবু হাসনাত হিরন জানান, প্রথম ধাপে ৫০০টি পথকুকুর ও বিড়ালকে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
টিম লিডার অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, “শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ক্রমেই বাড়ছে। খাবারের অভাব কিংবা বিভিন্ন কারণে অনেক সময় তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। কুকুরের কামড়ে মানুষ জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। তাই দীর্ঘদিনের পরিকল্পনার পর জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে আমরা এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু করেছি।”
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক পথপ্রাণীকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

MD NUR NOBI MIAH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights