কুমিল্লার মনপালে বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাকসাম উপজেলার মনপাল গ্রামে প্রথমবার বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা করা হয়েছে। শুক্রবার গ্রামটির মোল্লা বাড়িতে কুমিল্লা লিভার ক্লাব এ আয়োজন করে।

এছাড়া বিনামূল্যে ডায়াবেটিসও পরীক্ষা করা হয়। সেবা পেয়ে খুশি হয়েছেন শতাধিক মানুষ।

গ্রামের নুর মিয়া মোল্লা, অহিদুল ইসলাম ও জাহানারা বেগম জানান, প্রান্তিক গ্রামে মাঝে মধ্যে চিকিৎসা সেবা পাওয়া গেলেও বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা এবারই প্রথম। দামি পরীক্ষাটি বিনামূল্যে পেয়ে তারা উপকৃত হয়েছেন। এছাড়া বিনামূল্যে হেপাটাইটিস ও ডায়াবেটিস সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পেয়েছেন তারা।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও ট্রেজারার আবদুল হালিম মোল্লা। উপস্থাপনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা।

ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে। এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘমেয়াদি প্রদাহ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। কার্যকরী প্রতিষেধক হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করাই প্রতিরোধের প্রধান উপায়। হেপাটাইটিস বি ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights