‘কোনো বিপ্লবী দেশ থেকে পালিয়ে যান না’

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, কোনো বিপ্লবী কখনো মিথ্যা কথা বলেন না। কোনো বিপ্লবী কখনো তার জনগণকে ফেলে রেখে পালিয়ে যান না। কোনো বিপ্লবী নেতা তার নিজের স্বার্থের জন্য দেশ থেকে পালিয়ে গিয়ে আয়েশি জীবনযাপন করেন না। আমাদের বিপ্লবী নেতা তারেক রহমান ১৭টি বছর বিদেশে বসে বিপ্লবের ডাক দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণের অনুষ্ঠান শেষে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।

তিনি আরও বলেন, তারেক রহমান ২০২৩ সালে ঘোষণা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে। এ দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। উনি ওনার কথা রেখেছেন। এবার আপনারা আপনাদের কথা রাখবেন। বিপ্লবী তারেক রহমান যে কথা দিয়েছেন তার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানি কর্মকার, শিবালয় উপজেলা কৃষি অফিসার সুজন কুমার সৌমিক, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights