খুলনায় কুরআনের নূর’ প্রতিযোগিতার অডিশন শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কোমলমতি হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর খুলনা বিভাগের অডিশন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে খুলনা মহানগরীর তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসা (খালাশী মাদ্রাসা) প্রাঙ্গণে রেজিস্ট্রেশন পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলন মেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ ‘কুরআনের নূর’ এর খুলনা বিভাগের এই অডিশন পর্ব চলবে বৃহস্পতিবার সারাদিন।
সরেজমিনে মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়, প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। প্রতিযোগীদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরের বয়ানুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবু হুরায়রা বলেন, এখানে এসে ভীষণ ভালো লাগছে। এ ধরনের আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

খুলনা বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বলেন, ১৫ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ নিতে পারছে। হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা পর্বে আশা করছি ৪ শতাধিক কুরআনের হাফেজ অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, খুলনা অডিশনের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে রয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমী, কারী নাজমুল হাসান, কারী মুসতাকিম বিল্লাহসহ বরেণ্য হফেজরা।

এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে পাঁচ লাখ টাকা ও সম্মাননা।

এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights