গণভবনের পেছনের মাঠে ককটেল পেট্রোল বোমা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৭টি ককটেল ও একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত রাতে সেগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট। এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিক জানা যায়নি। এদিকে বিস্ফোরকের খবর পেয়ে গতকাল বিকাল থেকে ঘটনাস্থল ঘিরে রাখেন এসআরবির বিপুলসংখ্যক সদস্য। পরে বিস্ফোরক শনাক্তে ডাকা হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। নয়মুল হাসান জানান, একটি ব্যাগের ভিতর কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে এলাকায় তল্লাশি চালানো হয়।
এদিকে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য মিলেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে এসআরবি-২-এর একটি বিশেষ দল। রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো ককটেলসদৃশ বস্তু অজ্ঞাত দুর্বৃত্তরা রেখে গেছে। আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন এটা কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না।’
