‘গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার বলেন, গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ। সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন থেকে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণ বজায় রাখতে হবে।

সোমবার রংপুরো নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতা বলেন। নগরীর একটি হোটেল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ছাদেকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণের মতো প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনাও পরীক্ষা করছে।

তিনি শুধু সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে নিরাপদ খাদ্য নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এতে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights