চকরিয়ায় ছুরিকাঘাতে লেগুনা চালককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে লেগুনা (ম্যাজিক) গাড়ির চালককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার পর থেকে নিখোঁজ ছিলেন ওই গাড়ি চালক। তার মরদেহ হারবাং ইনানী রিসোর্টের অদূরে মাছের খাদ্য গুদামের বিপরীত পাশ থেকে শনিবার (২৯ জুলাই) সকাল পোনে ৭ টার দিকে উদ্ধার করে পুলিশ।

গাড়ি চালকের নাম মিজবাহ উদ্দীন রিজভী (২২)। তিনি কাকারা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে।

ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন। তিনি নিহতের পরিবার সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মিজবাহ উদ্দীন রিজভী ৪ বছর আগে অপ্রাপ্ত বয়সে বরইতলী থেকে সাবেকুন নাহারকে বিয়ে করেন। এরপর হারবাং স্টেশনে বাসা ভাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মোহাম্মদ সায়েদ নামের তিন বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী মোছাম্মৎ সাবেকুন নাহার বলেন, জনৈক গাড়ি চালকের সাথে সামান্য টাকার লেনদেন নিয়ে আমার স্বামীর বিবাদ ছিল। তার জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার আগেও ফোনে আমার স্বামীর সাথে কথা হয়েছে। ১২ টার পর বাসায় না ফেরায় বারবার ফোন দিয়েও যোগাযোগ করতে পারিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নিহতের মাথার পেছনে ছুরিকাঘাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আরো কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার বিষদ বিবরণ উদঘাটনে অপরাধ গোয়েন্দা সংস্থা সিআইডিকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights