চট্টগ্রামে ১৯০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় কোনোপ্রকার নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিপণনের দায়ে ফারাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গোডাউন থেকে এক হাজার বস্তা টিএসপি সার ও পাঁচশ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে সার মজুতের খবর পেয়ে জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। একই অপরাধে অভিযানে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজ নামের আরেক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানের দুটি গোডাউনে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রোজিনা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিতি ছিলেন। অভিযানে জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের জিম্মায় রাখা হয়েছে।
