চাঁদপুরে ভোক্তার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার চাঁদখার বাজার ও মঠখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ভুয়া নাম ঠিকানা ব্যবহার, অনুমোদন ব্যতীত উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন এবং খুচরা মূল্য উল্লেখ না করে ব্যাটারির পানি উৎপাদন করায় মেসার্স রাফিদ এন্ড রুহি ব্রাদার্সকে ২০ হাজার, ব্রাইট এন্টারপ্রাইজকে ১০ হাজার ও মো. জহিরকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিক অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিশোধ করেন এবং পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এসময় স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights