চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রী বলেন, মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।
গতকাল সকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপে পৌঁছান এবং দিনব্যাপী মহড়া ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন শেষে বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হন।
হেলিকপ্টারযোগে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। স্বর্ণদ্বীপে অবস্থানকালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার পথ এটিভি ভিহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে তিন বাহিনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় প্রধানমন্ত্রীর পাশের সিটে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কৌশলগত ও রণনৈপুণ্যমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনীও ঘুরে দেখেন। তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ঐতিহাসিক এই বিশেষ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে একাধিক যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের একত্রে অংশগ্রহণে এমন বিশেষ যৌথ মহড়া এবং সেখানে প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতি এটিই প্রথম।
সন্ধ্যায় সচিবালয়ে : নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনসহ দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরেই সচিবালয়ে দাপ্তরিক কাজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যার পরও সেখানে গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে ব্যস্ত সময় কাটান তিনি। বিকাল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
