‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে’

শরীয়তপুর প্রতিনিধি:

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আমাদের সবাইকে কাজ করতে হবে। সব ক্ষেত্রে সু-শাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সব সেবার মান বৃদ্ধি করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার শরীয়তপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী শামীম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। ‘গ্রাম হবে শহর’ এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। অনেকের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এসময় জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights