জবিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের আয়োজনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাস (ভিসি) রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথম ধাপে ২০ জন উত্তীর্ণ হয়। পরে দ্বিতীয় ধাপের প্রতিযোগিতায় ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জান্নাত আরা ও জান্নাতুল ফেরদৌস মুক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনতাকা রাইসা।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক শিরিন ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের আবৃত্তিপ্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কামরুল ইসলাম জুয়েল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অসুস্থ উপাচার্যের জন্য দুআ প্রার্থনা করেন।

উল্লেখ্য, ‘উচ্চারণে খুলি মগজের দুয়ার’ স্লোগানকে ধারণ করে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights