জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। (ছবি: সংগৃহীত)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে — ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।
সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। সূত্র: বাসস
