জিম্মি মুক্তি দিতে আহ্বান ১৮টি দেশের, যা বলল হামাস
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রসহ ১৮টি দেশ গাজার সংকট নিরসনের পথ হিসেবে হামাসকে তাদের হাতে বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
যৌথ এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা গাজায় ২০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন- আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা।
যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা জোর দিয়ে বলছি, জিম্মিদের মুক্তির চুক্তি গাজায় তাৎক্ষণিক এবং দীর্ঘায়িত যুদ্ধবিরতি আনবে। এটা গাজাজুড়ে অতিরিক্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের সুবিধা এবং সংঘাতের বিশ্বাসযোগ্য অবসানের দিকে পরিচালিত করবে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস গাজায় আটক বন্দীদের মুক্তির যে কোনো চুক্তির অংশ হিসেবে গাজা যুদ্ধ স্থায়ী বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে।
