টঙ্গীতে সন্ত্রাসীদের হামলায় সংবাদকর্মী আহত
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও সন্ত্রাসীদের হামলায় মারুফ হোসেন (৩০) নামে এক স্থানীয় সংবাদকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া টঙ্গী প্রতিনিধি।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হোসেন তথ্য সংগ্রহের জন্য এরশাদ নগর বেরিবাঁধ এলাকায় যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মো. সোহান, মো. সেলিম ও হাসানসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সন্ত্রাসীদেরকে ধরতে অভিযান পরিচালনা করছি।
