ঠাকুরগাঁওকে ‘নিউ টাউন’ হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফয়সল আমিন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওকে পরিকল্পিত ‘নিউ টাউন’ হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন মির্জা ফয়সল আমিন।
মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁও পৌরসভার আয়তন বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, লাইব্রেরি, মার্কেট ও খেলার মাঠসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক শহর গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও এখন অনেক ঘনবসতিপূর্ণ শহর হয়ে গেছে। বর্তমানে পৌরসভার আয়তন ১৪ বর্গকিলোমিটার। এটি বাড়িয়ে ৮৬ বর্গকিলোমিটার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রস্তাবও পাঠানো হয়েছে। আমার ইচ্ছা, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ঠাকুরগাঁওকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা। পরিকল্পনা অনুযায়ী রাস্তাঘাট, সেতু, কালভার্ট, লাইব্রেরি, জিমনেসিয়াম, মসজিদ, মার্কেট, স্কুল-কলেজ ও খেলার মাঠসহ সবকিছু সাজানো থাকবে। এই স্বপ্নকে আমি নিউ টাউন বলতে চাই।’
উন্নয়নকাজে সরকারি দলের জনপ্রতিনিধি থাকার গুরুত্ব তুলে ধরে সাবেক এই পৌর মেয়র বলেন, সরকারি দলের সংসদ সদস্য বা মন্ত্রী থাকলে উন্নয়নকাজ করা সহজ হয়। তিনি বিরোধী দলের মেয়র থাকাকালে অনেক চেষ্টা করেও প্রয়োজনীয় তহবিল আনতে পারেননি বলে দাবি করেন।
মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমার অনেক স্বপ্ন আছে। কিন্তু এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি ঠাকুরগাঁওকে একটি সুন্দর শহরে রূপান্তর করতে চাই। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ পারব। এখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। বেকারত্ব দূর করারও সার্বিক পরিকল্পনা রয়েছে।’
নির্বাচনে সরকারি দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নয়নকাজ ব্যাহত হতে পারে। ঠাকুরগাঁওকে সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় কৃষকদের সারসংকটের প্রসঙ্গ তুলে মির্জা ফয়সল আমিন বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে সংসদে প্রথম প্রস্তাব রাখব, খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হোক।’
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
