নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ইটভাটার অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব গোপালনগর ও বক্তাবলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে মেসার্স এন বি এম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস ও মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় মেসার্স এন বি এম ব্রিকস-৩-এর অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তিনটি ইটভাটার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
