নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্নভাবে কিছু অপকর্মের চেষ্টা হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বিএনপি সরকারে রয়েছে মাত্র ছয় মাস। এই সময়ে সব কাজ করা সম্ভব নয়। বিরোধী দলকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। এ অবস্থায় কথায় কথায় মিছিল, সমাবেশ, লংমার্চ ও রোডমার্চ করা কতটা মানানসই, সেই প্রশ্নও তোলেন তিনি।

নির্বাচনের আগে একটি দলের দেওয়া বক্তব্যের সমালোচনা করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারা নিজেদের ‘আল্লাহর দল’ বলে দাবি করেছে এবং মানুষকে জান্নাতে নেওয়ার কথা বলেছে। এ ধরনের বক্তব্য দিয়ে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল কাউকে জান্নাত দিতে পারে কি না, তা বিবেচনার বিষয়। জান্নাত সম্পূর্ণ ঈমান ও আকিদার বিষয় এবং এটি আল্লাহর হুকুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights