পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ বঙ্গের মানুষের রাজধানীতে প্রবেশের অন্যতম নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া। এই গুরুত্বপূর্ণ ফেরিঘাটে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার সময় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের এমন তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুস সালাম জানান, হঠাৎ করেই বাতাসের ফলে মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় এবং ফেরি চলাচল বিঘ্নিত হয়। নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নদী শান্ত হলে পুনরায় এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেছেন এই কর্মকর্তা।
