পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

নদীবিধৌত বাংলায় স্নিগ্ধ শরতের আগমনী বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও চিরচেনা রূপে সেজেছে প্রকৃতি। উত্তরের জেলা দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে জেগে উঠেছে এক অপরূপ কাশফুলের শুভ্র সাম্রাজ্য। শহর থেকে কিছুটা দূরে নদীর ওপর নির্মিত বাঙ্গীবেচা সেতু সংলগ্ন বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে যেন সাদা মেঘের ভেলা নেমে এসেছে মাটির বুকে। এটি এখন জেলার সর্ববৃহৎ ও অন্যতম প্রধান আকর্ষণীয় কাশবনে পরিণত হয়েছে।
সরেজমিনে বাঙ্গীবেচা সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর শান্ত জল আর মৃদু বাতাসের দোলায় দুলছে মাইলের পর মাইল বিস্তৃত ধবধবে সাদা কাশফুল। শরতের পড়ন্ত বিকেলে সূর্যের সোনালী আভা যখন এই ফুলের ওপর পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী ও অপার্থিব পরিবেশ।
বিকেল ৪টার পর থেকেই এখানে দর্শনার্থী ও আলোকচিত্রীদের ভিড় বাড়তে থাকে। তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে আসছেন শরতের এই সৌন্দর্য উপভোগ করতে। অনেকেই ফ্রেমবন্দী করছেন প্রকৃতির এই রূপ; কেউ করছেন ল্যান্ডস্কেপ ও প্রাক-বিবাহ ফটোশুট, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য তৈরি করছেন ভিডিও ও রিলস। দর্শনার্থীরা জানান, যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে এই শুভ্র কাশবন এখন জেলার সেরা গন্তব্য।
উন্নত যোগাযোগ ব্যবস্থা ও শহরের কাছে হওয়ায় স্পটটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার সঠিক ব্যবস্থা নেওয়া হলে এটি একটি চমৎকার অস্থায়ী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য না ফেলে প্রকৃতিকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights