পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে দেহ-মনের সুস্থতা প্রয়োজন: আইজিপি

অনলাইন ডেস্ক

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ ও মনের সুস্থতা অত্যন্ত প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম ও দক্ষ করে তোলে।

শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল সাফল্য রয়েছে। ক্রীড়া অঙ্গনে সেই ঐতিহ্য পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ পুলিশ।

তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ফাইনালে সিলেট রেঞ্জ ফুটবল দল ও চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-০ গোলের জয়ে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্য ম্যাচ এবং আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। পরে আইজিপি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিতব্য ‘গ্রিন মার্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights