পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধের অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলাকালে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বাবু হোসেন মোটরসাইকেলে করে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, তার বুকের বাঁ পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চির মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রপোচার সম্ভব হয়নি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকল নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটা কোথা থেকে বিদ্ধ হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
