প্রেমের টানে চীনা যুবক কেরানীগঞ্জে
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা-কোনো কিছুই যেন বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভালোবাসার কাছে। সমাজমাধ্যমে পরিচয়ের পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশের কেরানীগঞ্জে এসেছেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং। তিনি ইসলাম গ্রহণ করে এক তরুণীকে বিয়ে করেছেন। তাঁর নতুন নাম রাখা হয়েছে শুভ ইসলাম। সানজিদা আক্তার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগরের মৃত কবির হোসেনের মেয়ে। তাঁর পরিবার জানায়, পরিচয়ের পর অল্প সময়ের মধ্যেই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশে এসে ২৭ জুলাই মেয়ের পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সানজিদা আক্তার জানান, সমাজমাধ্যমে পরিচয়ের পর তাঁদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করার পর তাঁকে বিয়ে করেন। শুভ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এসে আমি আন্তরিকতা ও পারিবারিক উষ্ণতায় মুগ্ধ হয়েছি। ইসলাম গ্রহণের সিদ্ধান্ত আমি স্বেচ্ছায় নিয়েছি। স্ত্রীকে নিয়ে সুখীজীবন গড়তে চাই।’ সানজিদার মা নাসিমা বেগম জানান, মেয়ের সুখের কথা বিবেচনা করেই তাঁরা বিয়েতে সম্মতি দিয়েছেন। তাঁর বিশ্বাস, পারস্পরিক সহযোগিতায় তাঁদের সংসার সুন্দরভাবে এগিয়ে যাবে। এদিকে ব্যতিক্রমী এ বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।স্থানীয়দের কেউ বিষয়টিকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ ভিন্ন সংস্কৃতির দুই মানুষের সংসারজীবন নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। বিদেশি জামাইয়ের আগমন কেন্দ্র করে কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে একনজর দেখতে এবং তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে স্থানীয় উৎসুক মানুষ প্রতিনিয়ত কনের বাড়ি ভিড় জমাচ্ছেন।
