ফরিদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের তারাকান্দি এলাকায় রেললাইনের পাশের ঝোপ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে নগরকান্দা থানা পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু তারাকান্দি গ্রামের বাসিন্দা। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। একপর্যায়ে রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights