বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বগুড়া অফিস
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে পাঁচ ও চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালাই কুর্নিপাড়া এলাকার কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, ওই এলাকার জাকির হোসেনের মেয়ে ছাগিরা খাতুন (৫) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে তামান্না খাতুন (৪)। তারা প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে তাদের একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়।
এদিকে শিশু দুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় ছাগিরার বাবা জাকির হোসেন পুকুরে নেমে খোঁজার একপর্যায়ে তাদের পানিতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
