বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব বানাতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশকে একটি শক্তিশালী আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত।
আজ বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং: পাওয়ারিং দ্য নেক্সট চ্যাপ্টার অব এভিয়েশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
এই লক্ষ্য বাস্তবায়নে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের টেকসই, আধুনিক ও পরিকল্পিত রূপরেখা তৈরিতে একটি সমন্বিত ‘এভিয়েশন মাস্টার প্ল্যান’ প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দেশীয় এয়ারলাইন্স হিসেবে ১৩ বছরে পদার্পণ করায় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান সরকার বেসরকারি খাতের প্রসারে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বোয়িং এবং ইউএস-বাংলার এই যৌথ আয়োজন বাংলাদেশের এভিয়েশন শিল্পে বিপুল বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং নতুন সম্ভাবনা তৈরি করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আয়োজনে অংশ নেন।
