বাবা হৃতিকের পথে নয়, ভিন্ন পরিচয়ে আত্মপ্রকাশ হৃহানের

অনলাইন ডেস্ক

রোশন পরিবারের নতুন প্রজন্মের পথচলা শুরু হলো সংগীতের হাত ধরে। বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে হৃহান রোশন এবার আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতজগতে। ২০ বছর বয়সী এই তরুণ শিল্পী প্রকাশ করেছেন তাঁর প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’।

গানটিতে শুধু কণ্ঠই দেননি হৃহান, নিজেই বাজিয়েছেন গিটারও। গান প্রকাশের পর থেকেই রোশন পরিবারের সদস্যদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃহানকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা।

ছেলের গান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে হৃতিক রোশন লিখেছেন, হৃহান সহজাতবুদ্ধিমত্তা নিয়ে জন্মেছে, যা আমাকে নির্ভীক করে তোলে। ছেলের নতুন পথচলায় গর্ব প্রকাশ করেছেন মা সুজান খানও। একইভাবে হৃহানের পাশে দাঁড়িয়েছেন দাদা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন।

হৃহানের গান প্রশংসা পেয়েছে পরিবারের বাইরেও। হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনিও গানটির প্রশংসা করেছেন। হৃতিকের বোন সুনয়না রোশনও হৃহানের কণ্ঠ ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।

রোশন পরিবারের সঙ্গে সংগীতের সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের হাত ধরে দীর্ঘদিন ধরেই সংগীতজগতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে এই পরিবার। সেই পারিবারিক ঐতিহ্য এবার নতুন প্রজন্মের হাতে এগিয়ে নেওয়ার পালা।

অভিনয় দিয়ে নয়, গান ও গিটারের সুরে নিজের পরিচয় তৈরি করার পথ বেছে নিয়েছেন হৃহান। প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতজগতে তার সেই নতুন অধ্যায়ের সূচনা হলো।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights