বিদ্যুৎস্পৃষ্টে নিহত রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর পরিবার পাচ্ছেন পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নির্দেশে এ অর্থ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসককে এ নির্দেশনা দেয়া হয়।

জাহেদ আলীর বয়স ২৮ বছর। তার বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী ও আট মাস বয়সী একটি সন্তান আছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জাহেদ আলীর পরিবারকে সহায়তার জন্য মঙ্গলবার সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় ও বিদ্যুৎ বিভাগের সচিব স্যারের সঙ্গে কথা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় বিদ্যুতের লাইনটি কার জানতে চাইলে এটি পিডিবির বলে জানিয়েছি। পরে তিনি পরিবারটিকে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, পিডিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে পরিবারটিকে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দেওয়া হবে। এ ছাড়া জাহেদ আলীর পরিবারে যদি যোগ্য কেউ থাকেন, তাহলে তার চাকরির ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে নগরের অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক জাহেদ আলীর গায়ে পড়ে। এতে তিনি স্পৃষ্ট হয়ে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে জাহেদ আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে ৩৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহেদ আলী মারা যান। জাহেদ আলীর মৃত্যুর পর জেলা প্রশাসনের পক্ষ পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights