বিশ্ব অর্থনীতিকে ছাড়াবে স্পেসএক্সের মূল্য? মাস্কের দাবিতে প্রশ্ন
অনলাইন ডেস্ক
মহাকাশ কোম্পানি স্পেসএক্সের মূল্য একদিন বর্তমান বিশ্ব অর্থনীতির আকারের চেয়েও বহু গুণ বেশি হতে পারে বলে দাবি করেছেন ইলন মাস্ক। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার এই বক্তব্যের পর কেউ কেউ সমর্থন জানিয়েছেন, কেউ আবার পূর্বাভাসের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং বৃহত্তম শেয়ারধারী মাস্ক লিখেছেন, ‘কথাটি ভীষণ পাগলামি মনে হতে পারে। তবে আমি এমন একটি পথ দেখতে পাচ্ছি, যাতে স্পেসএক্সের মূল্য বর্তমান পৃথিবীর অর্থনীতির চেয়ে বহু গুণ বেশি হতে পারে।’
একজন মন্তব্য করেন, বিশ্বের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় ১১০ ট্রিলিয়ন ডলার। এর দশ গুণই এক হাজার ট্রিলিয়ন ডলারের বেশি। তার প্রশ্ন, ঘন ঘন স্টারশিপ উৎক্ষেপণ ও কক্ষপথে জ্বালানি ভরার মাধ্যমে গ্রহাণু থেকে খনিজ আহরণ এবং মহাকাশে সৌরবিদ্যুৎ উৎপাদন কী এই লক্ষ্যে পৌঁছানোর পথ?
আরেকজন বলেন, মাস্কের এমন পূর্বাভাস সত্যি হতে পারে ভেবেই তার কোম্পানিগুলোয় বিনিয়োগ করেন তিনি। অন্য একজন স্পেসএক্সকে মহাবিশ্বের সম্পদ পাওয়ার প্রবেশদ্বার হিসেবে দেখছেন।
তবে এক সমালোচকের দাবি, গত ১০ বছরে মাস্কের পূর্বাভাসের সাফল্য কম। উদাহরণ হিসেবে তিনি টেসলা, স্বয়ংক্রিয় গাড়ি চালনা, মঙ্গলে বসতি ও স্টারশিপ নিয়ে আগের বক্তব্য উল্লেখ করেন। আরেকজন প্রশ্ন তোলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রধান নির্বাহীর এমন বক্তব্য আইনসম্মত কি না।
এর আগের দিন বৃহস্পতিবার ওয়াশিংটনে মাস্ককে ন্যাশনাল মেডেল অব সায়েন্স দেওয়া হয়। ‘সায়েন্স: আ নিউ গোল্ডেন এজ’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘জাতীয় সম্পদ’ এবং ‘আধুনিক যুগের টমাস এডিসন’ বলে অভিহিত করেন।
