বিশ্বকাপে কি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের পর্দা ইতোমধ্যেই উঠেছে। একে একে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ফুটবল বিশ্বের বড় বড় শক্তিগুলো। তবে উপমহাদেশের কোটি কোটি দর্শকের চোখ সবচেয়ে বেশি থাকবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দিকে। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে এবারও বিশ্বকাপে এসেছে দুই দলই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই বিশ্বকাপে কি মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা?

সেলেসাওদের বিশ্বকাপ অভিযান শুরু হবে সবার আগে। আগামীকাল ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন সকাল ৭টায়, প্রতিপক্ষ আলজেরিয়া।

দুই দলই যতদিন টুর্নামেন্টে টিকে থাকবে, ততই বাড়বে সমর্থকদের আগ্রহ ও উত্তেজনা। আর যদি কোনো পর্যায়ে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি দেখা হয়, তবে সেটিই নিঃসন্দেহে হয়ে উঠবে এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও হাইভোল্টেজ ম্যাচ।

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। সেমিফাইনালে জার্মানিকে হারাতে পারলে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারত ব্রাজিল। কিন্তু জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে সেই স্বপ্ন শেষ হয়ে যায় সেলেসাওদের।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল ‘সি’ গ্রুপে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, দুই দলই যদি নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে এবং নকআউট পর্বের সব বাধা পেরিয়ে যায়, তাহলে সেমিফাইনালে তাদের দেখা হতে পারে।

মজার বিষয় হলো, দুই দলই যদি গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে নকআউট পর্বে ওঠে, তাহলেও সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্য দল রানার্সআপ হয়ে পরের পর্বে যায়, তাহলে দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে সরাসরি ফাইনালে।

অন্যদিকে উভয় দল যদি সেরা তৃতীয় স্থানধারী হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়, তাহলে তাদের সম্ভাব্য মুখোমুখি হওয়ার পথ অনেক জটিল হয়ে যাবে। সে ক্ষেত্রে আগে থেকে নির্দিষ্ট করে বলা কঠিন, কোন পর্যায়ে তাদের দেখা হতে পারে।

গ্রুপপর্বের হিসাবেও আর্জেন্টিনা তুলনামূলক সহজ অবস্থানে রয়েছে। লিওনেল স্কালোনির দলকে খেলতে হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।
অন্যদিকে ব্রাজিলের সামনে অপেক্ষা করছে তুলনামূলক কঠিন পরীক্ষা। মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে লড়তে হবে আনচেলত্তির শিষ্যদের। বিশেষ করে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে নিয়ে সতর্ক থাকতে হবে ব্রাজিলকে।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথ খুব বেশি হয়নি। এখন পর্যন্ত চারবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি। সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে ক্লাউদিও কানিজিয়া গোল করে ব্রাজিলকে শেষ ষোলো থেকেই বিদায় করেছিলেন। এর আগে ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে গ্রুপপর্বে ২-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। আর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে গ্রুপপর্বে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

অতীতের হিসাব বলছে, বিশ্বকাপে দুই দলের চার দেখায় ব্রাজিল জিতেছে দুটি ম্যাচ, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তবে পরিসংখ্যানের চেয়ে বড় প্রশ্ন এখন একটাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী কি শেষ পর্যন্ত নিজেদের পথের সব বাধা পেরিয়ে এবারের বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত এক মহারণের মঞ্চ তৈরি করতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights