ভাতে মিলবে জিংকের পুষ্টি উপাদান

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বিনাধান-২৮ জাতের ভাতে রয়েছে জিংক পুষ্টি উপাদান, যা বাড়াবে শিশু ও নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা। বিশেষ করে জিংক শিশুর বেড়ে ওঠায় ভূমিকা রাখে। এই ধানের চালে জিংকের পরিমাণ ২৪.৮৩ পিপিএম। এ ছাড়া এই ভাতে অ্যামাইলোজের পরিমাণ ২৭.৮৪%, যার ফলে এর ভাত ঝরঝরে ও খেতে বেশ সুস্বাদু হয়। সুগন্ধি আমন ধানের নতুন জাত ‘বিনাধান-২৮’ সম্পর্কে কৃষি বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন। তাঁরা আরও বলছেন, বিনাধান-২৮ জাতটির জীবনকাল ১২০-১২৫ দিন। এতে তিন ফসলি জমিকে চার ফসলিতে রূপান্তর করা যায়।

দেশে প্রথমবারের মতো এ ধানটির চাষ শুরু হয়েছে। পুষ্টি নিরাপত্তায় এবং চালের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ জাতটি দারুণ ভূমিকা রাখবে। সম্প্রতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুন্দারঘোড়া গ্রামে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, কুমিল্লার তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর দক্ষিণ কুমিল্লার সহযোগিতায় ‘উচ্চফলনশীল সুগন্ধি আমন ধানের জাত বিনাধান-২৮’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান, বিনা উপকেন্দ্র, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা কৃষি অফিসার মো. জোনায়েদ কবির খান প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, দেশে পাঁচ বছরের নিচে থাকা ৪৬ শতাংশ শিশু জিংকস্বল্পতায় ভুগছে। আবার বিভিন্ন বয়সি ৫৭ শতাংশ নারীর রয়েছে জিংকস্বল্পতা। নারী-পুরুষ ও শিশু মিলে গড়ে প্রায় ৫০ শতাংশ মানুষ জিংকের অভাবে ভুগছে। এর সমাধান খুঁজতেই ভাতের মাধ্যমে জিংকের অভাব দূর করতে জিংকসমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন করেছেন বিনার বিজ্ঞানীরা। দেশে মাথাপিছু দৈনিক যে পরিমাণে পুষ্টি ভাত থেকে পাওয়া যায়, তা কোনোভাবেই চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। দেশের সাধারণ মানুষ দুধ-ডিম, মাছ, মাংসসহ অন্যান্য পুষ্টিকর খাবার কিনতে না পারলেও তাঁরা ভাত নিয়মিত খান। ফলে এখন এই ভাত থেকেই পাওয়া যাবে অর্ধেকের বেশি জিংক।

বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তায় এবং চালের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই জাতটি দারুণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights