ভালুকায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খারোয়ালি গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ এবং তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে শাহাব উদ্দিন আকন্দ।
স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। তবে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
নিহত শাহাব উদ্দিন আকন্দের ছেলে জিন্নাত আকন্দ বলেন, ‘আমার বাবা ও চাচা দুজনই বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন। দুর্ঘটনার আগে তারটি ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। সময়মতো ব্যবস্থা নিলে হয়তো আজ আমাদের এভাবে স্বজন হারাতে হতো না।’
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
