মরক্কোর লক্ষ্য নকআউট, হাইতির সামনে সম্মান রক্ষার লড়াই

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। নকআউট পর্বে ওঠার খুব কাছাকাছি অবস্থানে থাকা মরক্কোর জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও হাইতির জন্য এটি কেবল সম্মান রক্ষার লড়াই।

ব্রাজিল ও স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করেছে মরক্কো। প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউটের পথে আফ্রিকার দলটি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬০১টি পাস সম্পন্ন করে তারা, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে কোনো আফ্রিকান দলের সর্বোচ্চ পাসের রেকর্ড।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা মরক্কো এই ম্যাচে জিতলেই গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে শেষ ৩২ নিশ্চিত করবে। তবে ড্র বা হারলেও সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচে স্কটল্যান্ড ব্রাজিলের কাছে হেরে যায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা দারুণ ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত মরক্কো, যার মধ্যে ২৬টি জয় ও ৫টি ড্র।

অন্যদিকে, এবারের বিশ্বকাপের সর্বনিম্ন র‌্যাঙ্কিংধারী দল হাইতি এখনো বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টের খোঁজে। ১৯৭৪ সালের তিনটি পরাজয়ের সঙ্গে এবার স্কটল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে হার যোগ হয়ে বিশ্বকাপে তাদের পরাজয়ের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারার পর ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের পরাজয় হাইতির বিদায় নিশ্চিত করেছে। এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া প্রথম দলও তারা।

হাইতি যদি মরক্কোর কাছেও হেরে যায়, তাহলে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারের বিব্রতকর রেকর্ড স্পর্শ করবে তারা। একই সঙ্গে গোল ও পয়েন্ট দুটোই ছাড়াই গ্রুপ পর্ব শেষ করার শঙ্কাও রয়েছে ক্যারিবীয় দলটির সামনে।

দলগত খবরের দিক থেকে মরক্কো বেশ স্বস্তিতে আছে। কোচ মোহাম্মদ ওয়াহবি আগের দুই ম্যাচের জয়ের একাদশই ধরে রাখতে পারেন। ইসমাইল সাইবারি, ব্রাহিম দিয়াজ, আয়ুব বুয়াদ্দি ও আজেদ্দিন উনাহিরা আবারও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। অধিনায়ক আশরাফ হাকিমি খেলতে নামলেই জাতীয় দলের হয়ে ৯৯তম ম্যাচ খেলবেন।

হাইতির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডাকেন্স নাজঁ এখনো পুরোপুরি ফিট নন। তবে দলের অন্য কোনো বড় চোট সমস্যা নেই। ব্রাজিলের বিপক্ষে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামলেও এই ম্যাচে কোচ সেবাস্তিয়ান মিগনে আবার চার ডিফেন্ডারের ছকে ফিরতে পারেন। কাগজে-কলমে শক্তির পার্থক্য এবং বর্তমান ফর্ম বিবেচনায় মরক্কোই পরিষ্কার ফেবারিট। তাই নকআউট নিশ্চিত করার পথে আফ্রিকার দলটির সামনে হাইতি খুব বড় বাধা হয়ে উঠবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights