মহেশপুরে কোদালের কোপে গৃহবধূ হত্যা, প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পূর্ব বিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত জোহরা আক্তার (৪০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ মে) ভোরে মারা যান।
নিহতের স্বামী ফারুক মিয়া জানান, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নলকূপের পাশে অপবিত্র কাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৮ এপ্রিল বিকেলে জোহরা আক্তার বাড়ির পূর্ব পাশে শ্যালো মেশিনের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা শহিদুল ইসলাম, শাহিন, শাহিনা খাতুন তাকে একা পেয়ে হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা দিয়ে মারধরের পর কোদাল দিয়ে মাথা ও ঘাড়ে একাধিক কোপ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর সদর হাসপাতাল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে নওশার আলী, আলী হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
