মাত্র ৫০ টাকায় বাহারি ইফতার জবি ক্যাফেটেরিয়ায়

জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাফেটেরিয়ায় পাওয়া যাচ্ছে ৫০ টাকায় বাহারি ইফতার। অল্প টাকায় ৮ রকমের ইফতার আইটেমে ইফতার ব্যাবস্থা থাকছে পুরো মাসজুড়েই।

বিগত মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে পাওয়া যাচ্ছে এই ইফতার। মাত্র ৫০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে ৮ রকমের ভিন্ন ভিন্ন ইফতার আইটেম।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে স্বল্পমূল্যে মানসম্মত ইফতারের আয়োজন করেছি। ৫০ টাকা মূল্যে আমাদের ইফতার আয়োজনে রয়েছে মোট ৮টি ভিন্ন ভিন্ন আইটেম। তার মধ্যে ১টি আলুর চপ, ১টি বেগুনি, ১টি পিঁয়াজু, ২টি খেজুর, ১ প্যাকেট মুড়ি, ১ বাটি ছোলা, ১ গ্লাস শরবত ও প্রতিদিন ভিন্ন ধরণের ফল থাকবে একটি।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহ মোহাম্মদ হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ছাত্র হল না থাকায় পুরান ঢাকায় অবস্থানরত অনেক শিক্ষার্থীকে ইফতার নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। তাছাড়া বাইরে ইফতারের যেমন দাম তেমন মান নেই। তাছাড়া বাইরে ইফতার কিনিতে গিয়ে কখনও অনেক হেনস্তার শিকার হতে। ক্যাফেটেরিয়ার সরবরাহকৃত ইফতার ৫০ টাকা হিসেবে যথেষ্ট বলে মনে করি।”

মোঃ রোকন ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, “মেসে ইফতারের পাশাপাশি মাঝে মাঝে বন্ধুদের নিয়ে ক্যাফেটেরিয়ায় ইফতার করি। অল্প খরচে বাহারি আইটেম ইফতারে ভিন্ন আমেজ নিয়ে আসে। বাইরে এতোগুলা আইটেম কিনতে গেলে খবর আরো বেশি পড়ে যেতো”

ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. জিএম আল-আমীন বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়া সত্বেও আমরা এ বছর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইফতারের ৫০ টাকা প্যাকেজটি চালু রেখেছি। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যান্টিন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এ দাম নির্ধারণ করেছি।”

ক্যাফেটেরিয়ার এই ইফতারে প্রচলিত সব ধরনের আয়োজন অন্তর্ভুক্ত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আশপাশে মেসে থাকা শিক্ষার্থীরা। দামে সাশ্রয়ী ও সব শিক্ষার্থী একসঙ্গে ইফতারের সুযোগ পাচ্ছে বিধায় তারা খুশি। ইফতারের এই আয়োজনের পর ক্যাফেটেরিয়ায় সাহরির আয়োজনেরও দাবি করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights