মাদকের টাকা জোগাড় করতে মাসে একবার চুরি!

অনলাইন ডেস্ক
রাজধানীতে চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার ৩ জন হলেন – মো. সবুজ সিকদার (৩১), মো. মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মাসে একবারই চুরি করেন। আর সেই টাকা দিয়ে সারা মাস মাদক কিনে সেবন করেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে ৩ চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সবাই দিনের বেলা চুরি করেন, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করেন। গ্রেফতার সবুজ ও মেহেদী চিহ্নিত চোর। সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫ টি ও আশরাফুলের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। এই তিনজনসহ তাদের ৫ জনের একটি দল আছে। তারা মূলত সন্ধ্যার পরে মাদক সেবন করেন। এই মাদকের টাকা জোগাড় করতেই তারা চুরি করে।
ওসি আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাসে একবার চুরি করেন তারা। আর চুরি করা টাকায় পুরো মাসে মাদক সেবন করেন। টাকা শেষ হয়ে গেলে আবারও চুরি করেন। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছেন। গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন এই তিন চোর। নগদ প্রায় ৩ লাখ টাকা চুরি করে পালিয়ে যান তারা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ, মেহেদীকে শনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights