মিরপুরের পিচে ১২৫ রান তাড়া করাটা সহজ হবে
অনলাইন ডেস্ক
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় দিন শেষে এগিয়ে ক্যারিবীয়রাই। দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যেই বাংলাদেশের ৬ উইকেটও তুলে নিয়েছে সফরকারীরা। ম্যাচের এমতাবস্থায় ১৫০ থেকে ১৭৫ রানের মধ্যে লক্ষ্য পেলে সহজে জিততে পারবেন বলে মনে করছেন উইন্ডিজ ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার।
সংবাদ সম্মেলন তিনি বলছিলেন, ‘আসলে যেমনটা বললাম, আমরা এরকম পিচে ১৫০ থেকে ১৭৫ রানের মধ্যে কোনো রান তাড়া করতে পারব বলে বিশ্বাস করি। আমরা বেশ ভালো ব্যাট করতে সক্ষম। আমরা স্পিনে বেশ ভালো ব্যাট করছি। স্পিন বোলিং সামলানোর ব্যাপারে অনেক প্রস্তুতি আছে আমাদের। ভালো স্কোরিং অপশন বের করতে হবে আমাদের। দেখি, কালকে দিনের শুরুটা কেমন হয়।’
‘আগামীকাল সকালে এসে দ্রুত বাকি ব্যাটারদের আউট করে দিতে হবে। যদি আর ২৫ রানের মধ্যে সবাইকে আউট করে দিতে পারি, তাহলে এই পিচে ১২৫ রান তাড়া করাটা আমাদের জন্য সহজ হবে। তবে কাজটা করতে হলে দ্রুত উইকেট নিতে হবে আমাদেরকে।’
পরে দলটির এই কোচ আরও বলেন, ‘হ্যাঁ, ভালো সময় গেছে আমাদের। প্রথম ইনিংসে দ্রুত আউট হওয়ার পর আমাদের সময়টা ভালো কেটেছে। আমরা হয়ত প্রথম ইনিংসে তাদের করা রান টপকে লিড নিতে পারিনি। তবে বল হাতে লড়াইটা ঠিকই চালিয়ে গেছি। দারুণ শৃঙ্খলাবদ্ধ বোলিং করে গেছি, ভালো জায়গায় বল করেছি। দলের প্ল্যান এবং ভালো লাইন-লেন্থে বোলিং করেছে সবাই।’
