মুলাদীতে জেলেদের ওপর বোমা বিস্ফোরণের ঘটনায় ‘বোমা জামাল’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদীতে জেলেদের ওপর হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার ঘটনায় জামাল পালোয়ান ওরফে ‘বোমা জামাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল পালোয়ান (৪০) লক্ষ্মীপুর গ্রামের মৃত কাশেম পালোয়ানের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, জামাল উপজেলায় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত। এ কারণে তাঁকে ‘বোমা জামাল’ বলা হয়। দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আগে ছয়টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত রোববার রাত ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে মাছ ও জাল ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জেলেদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে ট্রলারচালক ও জেলেসহ পাঁচজন আহত হন।

এ ঘটনায় মুলাদী থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights