মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। সোমবার রাতে উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবু জাফর পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।

এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত রাতের টহলের সময় এ অভিযান চালায়। উলানিয়া লঞ্চঘাট এলাকায় এক ব্যক্তি গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছায় দলটি।

এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৮-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights